দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার নামে সাজানো ভিডিওর দাবি তুলেছে দিল্লি পুলিশ। এই মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ”দিল্লিতে বাঙালি হেনস্থার যে অভিযোগ মমতা করেছেন তা যে ভুয়ো তা প্রমাণিত। মালদহের এক তৃণমূল নেতার ইন্ধনে ওই ভিডিও করা হয়েছিল। এতেই পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে ভুয়ো, মিথ্যে খবর রটাচ্ছেন। এর জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত।”
শুভেন্দু এদিন অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ‘ধর্ম যার যার উৎসব সবার’ বললেও বাস্তবে তা মানছেন না। বরং ধর্মীয় সংহতি বিঘ্নিত করার চেষ্টা করছেন তিনি।
রাজ্যের বিরোধী দলনেতা এও জানান, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে তিনি ফোনে বলেছেন, মঙ্গলবার সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এফআইআর দায়ের করতে।
তিনি আরও বলেন, “জনতা সব বুঝে গিয়েছে। এই মিথ্যাচারের রাজনীতি আর চলবে না। মুখ্যমন্ত্রী গুজব ছড়িয়ে আসল প্রশ্ন থেকে সরে যেতে চাইছেন। তাই এখনই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।”
দিল্লীতে বাঙালী হেনস্থা ইস্যু ভুয়ো, মমতার বিরুদ্ধে পুলিশে অভিযোগের আবেদন শুভেন্দুর
