মমতা, অধীর, মহঃ সেলিম একসঙ্গে পথে নামুন : শমীক

পুরসভা নির্বাচনের আগে রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবিরকে একযোগে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিরোধীদের উদ্দেশে তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে এখন বিরোধী বলে কার্যত কিছু নেই। তাই পুরসভা ভোটের আগে অন্তত একবার মমতা ব্যানার্জি, অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম এই তিন নেতাকে একসঙ্গে পথে হাঁটতে দেখতে চান তিনি। তাঁর বক্তব্য, শুধু রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত হওয়া নয়, সাধারণ মানুষের কাছে গিয়ে একসঙ্গে ভোট চাওয়ার পরামর্শও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
শমীক ভট্টাচার্য বলেন, ‘এতদিন তৃণমূল ক্ষমতায় ছিল। এখন নাম নেই, বর্ণ নেই, গোত্র নেই, মাথার উপর ছাদ নেই, প্রতীক নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।’ বিরোধী শিবিরের বর্তমান রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করেই তাঁর এই মন্তব্য। তিন নেতাকে একসঙ্গে রাস্তায় নেমে মানুষের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি।
এসআইআর বিতর্কেও সরাসরি আক্রমণ শানিয়েছেন শমীক। তাঁর বক্তব্য, ‘তিন নেতা একসঙ্গে রাস্তায় নেমে পশ্চিমবঙ্গের মানুষকে বলুন, এসআইআর-এর নামে চুরি করেছে জ্ঞানেশ কুমার।’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রতিবাদ এবং বিজেপির পাল্টা অবস্থানের আবহেই এই মন্তব্য।
পুরভোটের ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী দাবি শমীকের। তাঁর কথায়, ‘শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্যই হয়। যতই চেষ্টা করা হোক, কলকাতা পুরসভা বিজেপির হবে, হাওড়া পুরসভাও বিজেপির দখলে আসবে বলে দাবি তাঁর।’ রাজ্যের বাকি পুরসভাগুলির নির্বাচনেও বিজেপি সাফল্য পাবে বলে প্রত্যয় প্রকাশ করেছেন তিনি। তবে এই দাবির পাল্টা রাজনৈতিক অবস্থান কী নেয় তৃণমূল, কংগ্রেস ও বামেরা, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পুরভোটের লড়াই যে শুধু ওয়ার্ড দখলের নয়, বিরোধী শিবিরের রাজনৈতিক জমি ধরে রাখারও পরীক্ষা হতে চলেছে, শমীকের বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *