গণতন্ত্র প্রতিষ্ঠা করে পুরো পরিষেবা দিতে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্র

হাওড়া বহু পুরনো শহর। বলা হয় কলকাতার থেকেও পুরনো শহর হাওড়া। সেখানকার পৌর পরিষেবা স্বাভাভিক রাখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছট পুজোর প্রক্কালে হাওড়ায় গিয়ে পুর ভোট নিয়েই সরব হলেন তিনি। ওখানে যে গত বারো বছর ধরে পুরভোট হয়নি, বিগত সরকারের সময়ে। সে বিষয় তুলে পূর্বতন সরকারকে ভর্ৎসনা করতেও ছাড়েননি তিনি। পুর পরিষেবার কথা মাথায় রেখে ফের কোঅর্ডিনেটর বসানোর কথা উল্লেখ করেন তিনি।
ছটপুজোর প্রাক্কালে বৃহস্পতিবার হাওড়ার শিবপুর কাজিপাড়ায় এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ছটব্রতীদের হাতে পুজোর ফল ও সামগ্রী তুলে দেন তিনি। পরে বেলুড় মঠেও যান এবং মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিন ছট অনুষ্ঠান থেকে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
তাঁর অভিযোগ, বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকালে সনাতনী পরম্পরাকে উপেক্ষা করেছে এবং গত ১৫ বছরে তৃণমূল সরকার বাংলার ঐতিহ্য নষ্ট করেছে। রাজ্যের মানুষ এমন একটি সরকার চেয়েছিলেন, যে সরকার বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরাকে ফিরিয়ে আনবে। এখন রাজ্যে ৫৮ হাজার দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩ হাজার বেশি। দীপাবলিতেও ৭ হাজারের বেশি পুজো হয়েছে। তৃণমূল এই সমস্ত পুজো আটকে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট আর ১৫ বছরের জামাত তৃণমূল, এই দুটোকেই মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার কাজ আমরা করব। যাতে এরা কেউ মাথা তুলতে না পারে। অতীতে পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরোনো, রামনবমীর মিছিলে পাথর ছোঁড়ার মতো ঘটনা ঘটেছে। এখন কোথাও কোন সমস্যা নেই।’ রামনবমী, জয় শ্রীরাম, গণপতি উৎসব নিয়ে তৃণমূল ও বামেদের বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বলেন, ‘মানুষ সেই বাধা ভেঙে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল এবং কমিউনিস্টরা যে বিভাজনের দেওয়াল তৈরি করেছিলেন, তা ভেঙে গিয়েছে। গোটা বিশ্বের সনাতনীদের একসঙ্গে নিয়ে গণপতি উৎসব, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, কালীপুজো, ছটব্রত এবং জগদ্ধাত্রী পুজো সবই পালন করা হয়েছে এবং হবে।’
হাওড়া পুরসভা নির্বাচন প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘যারা নির্বাচনে হারবে, তারাই এখন হাওড়া পুরসভার ভোট আটকে রাখছে। গত ১২ বছর ধরে হাওড়ার মানুষ পুরসভার পরিষেবা থেকে বঞ্চিত। মাত্র দু’ঘণ্টার বৃষ্টিতেই কী পরিস্থিতি তৈরি হয়, তা আপনারা দেখেছেন। নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। আধিকারিকদেরও সীমাবদ্ধতা রয়েছে। আমরা ডিলিমিটেশনের কাজ শেষ করে হাওড়া ও কলকাতায় নির্বাচন করানোর প্রস্তুতি নিয়েছিলাম। যাঁদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যাঁরা প্রার্থী খুঁজে পাচ্ছেন না, তাঁরাই এখন আদালতের দ্বারস্থ হয়েছেন, এমনকী অবকাশকালীন বেঞ্চেও গিয়েছেন। যেতে দিন। আমিও স্পেশাল লিভ পিটিশন দাখিল করব। সুপ্রিম কোর্টে যাব। এখানে ওরা গণতন্ত্রকে ভাঙতে চায়, কিন্তু আমি গণতন্ত্রকে শক্তিশালী করব।’ তিনি আরও জানান, যদি নির্বাচন না হয়, তাহলে আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়া পুরসভার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করবে সরকার। প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ হবে। আর সেই কো-অর্ডিনেটর তাঁদেরই করা হবে, যাঁরা সরকারের সঙ্গে সহযোগিতা করবেন, সরকারের বিরোধিতা করবেন না।
ছটপুজোর প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, ‘সমস্ত মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলাশাসক, পুরসভা ও মিউনিসিপ্যালিটির আধিকারিকরা ঘাটের ব্যবস্থা করতে নেমেছেন, যাতে নির্বিঘ্নে ছটের মহাপর্ব পালন করা যায়। এবার অত্যন্ত ধুমধাম ও আড়ম্বরের সঙ্গে ছটপুজো পালিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা সবাই এই উৎসবে শামিল হবেন। দুর্নীতি ও জমি দখলের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে সুর চড়ান। ফলতায় দখলে থাকা জমি, সন্দেশখালির সরবেড়িয়া, শাহজাহান ফিশ মার্কেটের জমি দখলমুক্ত করা হবে। গরিব মানুষের হাতে আবাস যোজনার মাধ্যমে বাড়ি দেওয়া হবে বলেও জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *