চিরুনি তল্লাশি চলছে, অনুপ্রবেশকারীদের বের করে দেব : মুখ্যমন্ত্রী

রবিবার দীপাবলি উপলক্ষে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে জওয়ানদের সঙ্গে সময় কাটানোর পর একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শ্যামাপুজোর দিনে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী। জওয়ানদের আত্মত্যাগের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “এঁরা বাড়ি-ঘর দুয়ার ছেড়ে এখানে বিওপিতে পাহাড়া দিচ্ছেন আপনাকে-আমাকে সুরক্ষিত রাখার জন্য। এদের পাশে মুখ্যমন্ত্রী আসবে না তো কে আসবে?”
এদিন সেখানে ইছামতী নদীতে থাকা ফ্লোটিং জেটিতে ওঠেন তিনি ৷ দূরবীন দিয়ে নদীপথ ও আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি সরাসরি প্রত্যক্ষ করেন ৷
এনিয়ে শুভেন্দু বলেন, “ফ্লোটিং জেটিতে উঠে দূরবীন দিয়ে ওপারে দেখলাম, কোনও সুরক্ষা ব্যবস্থা নেই ৷ সব ওত পেতে বসে আছে, এদিক থেকে বিএসএফ একটু সরবে আর ওরা অনুপ্রবেশ করবে ৷ চিন্তা নেই, ইছামতীতে ফেন্সিং হবে ৷ রাজ্য সরকার জমি দিয়ে দিয়েছে ৷ ৭১ কিলোমিটারের এই কাজে কিছু জটিলতা ছিল ৷ সিপিডব্লিউডি করতে চায়নি ৷ তাই আমরা সেচ ও জলসম্পদ দফতরকে দিয়ে এই কাজটা করাব ৷”
মুখ্যমন্ত্রী বলেন, “আমি একদম শেষ বোটিংয়ে যেটাতে উঠেছিলাম, বাইনোকুলার দিয়ে দেখেছি— বাংলাদেশের দিকে কিচ্ছু নেই, সব ওঁত পেতে বসে আছে! কখন বিএসএফ একটু আড়াল হবে আর এ দিকে ঢুকে পড়বে।”
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনাদের এতটুকু চিন্তা করতে হবে না, একটাকেও রাখব না অনুপ্রবেশকারীকে। খুঁজে খুঁজে বের করব। একদম ১৫ কিলোমিটার এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চলছে। যে রাস্তা দিয়ে এসেছে, ঠিক সেই পথ দিয়েই বের করে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *