চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগীতার আবেদন মুখ্যমন্ত্রীর

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ভারত বিখ্যাত। তার থেকেও বড় হল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় আলোকসজ্জা। আর এই আলোকসজ্জার জন্য শুধু রাজ্যের বিভিন্ন অংশ থেকে নয়, সারা ভারত থেকে মানুষ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসে। বিপুল সংখ্যায় দর্শনার্থীদের সামলাতে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়।

শুক্রবার চন্দননগরের আদি মা জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি আবেদন করেন, নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না-হয় ৷
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষে শুভেন্দু বলেন, ‘আমি সকল আয়োজক, স্বেচ্ছাসেবক এবং দর্শনার্থীদের উদ্দেশে বলব, আপনারা পুলিশ-প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে চলবেন ৷ মনে রাখবেন, আমার আনন্দ যেন অন্য কারও নিরানন্দের কারণ হয়ে না-দাঁড়ায় ৷ বাকি আমি মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে শক্তি দেন, যাতে রাজ্যকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারি।’
তিনি বলেন, “আমি কোথায় যাব সেটা দল বা আমি নিজে ঠিক করলেও, যেখানে যাচ্ছি সেখানকার প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে৷ তাই আমার এখানে আসার জন্য হুগলির জেলাশাসক এবং চন্দননগেরর পুলিশ কমিশনারের ভূমিকা রয়েছে৷ তাঁরাই আমাকে বলেছিলেন, আদি মা জগদ্ধাত্রী দিয়ে পুজো শুরু করতে৷ তাই তাঁদেরও ধন্যবাদ জানাই ৷”
শুভেন্দু দাবি করেছেন, মাত্র ৬ মাসের সরকার৷ তাই অল্প সময়ে চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য বিশেষ কিছু করতে পারেননি৷ তবে, আগামী বছরে কয়েক শতাব্দীর ঐতিহ্যবাহী চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ‘হারিয়ে যাওয়া গৌরব’ তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
এরপর উত্তর ২৪ পরগনার ভাটপাড়া ও জগদ্দলের জলেবি মাঠে ছট পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে ‘সনাতনী ঐক্যে’র পক্ষে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে তাঁর কথায় উঠে এল ছট পুজো থেকে শুরু করে রামনবমী, গণপতি উৎসবের প্রসঙ্গ। পাশাপাশি এল রাজ্যের দুর্গাপুজো ও কালীপুজোর পরিসংখ্যানও।
আঞ্চলিক ভেদাভেদ ঘুচে যাওয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘একসময় প্রশ্ন তোলা হত যে রামনবমীর মিছিল তো উত্তরপ্রদেশের ব্যাপার, পশ্চিমবঙ্গে কেন তা হচ্ছে? কিংবা গণপতি উৎসবের সময় বলা হত, এ তো মহারাষ্ট্রের উৎসব, বাংলায় কেন এত গণেশ পুজো হচ্ছে?’ মুখ্যমন্ত্রীর দাবি, মানুষ সেই সমস্ত পুরনো ধারণা ও প্রাচীর ভেঙে দিয়েছেন। যার প্রমাণ হিসেবে তিনি জানান, এবার পশ্চিমবঙ্গে ৩০,০০০ গণপতি উৎসব উদযাপিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *