আবাস যোজনার টাকা নয়ছয় রুখতে এবার কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিগত সরকারে যাঁরা নিয়ম ভেঙে দাবিদারনা হওয়া সত্ত্বেও সরকারি আবাসের টাকা নিয়েছেন, তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি৷ নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না-দিলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমীক্ষায় উঠে আসা ৫৭ হাজার ভুয়ো প্রাপকের বিরুদ্ধে সিট গঠন করে সিআইডি তদন্তের নির্দেশ দেবেন বলেও কড়া হুঁশিয়ারী দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার নবান্ন-এ আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, আবাস প্রকল্পের দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের কারও রেহাই নেই। সরকার প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এদিন নবান্ন থেকে রাজ্যের ৭ লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। যেখানে প্রাপক পিছু ৬০ হাজার টাকা করে মোট ৪ হাজার ২০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে ১৭ লক্ষ ২০ হাজার উপভোক্তার জন্য মোট ১০ হাজার ৩২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রতীকী হিসেবে ১৮০ জনের হাতে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, যাঁরা এই প্রকল্পে বাড়ি বানানোর জন্য বালি কিনবেন তার দাম যেন ১২০০ টাকার বেশি না হয়। তিনি বলেন, ‘এই ৫৭ হাজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদের অ্যাকাউন্টে কীভাবে ৬০ হাজার টাকা চলে গেল, জনগণের টাকা, সরকারের টাকা, এটা দেখতে হবে আমাদের।’ মুখ্যমন্ত্রী জানান, বালি, রড, সিমেন্টের দাম অনেক। সে কথা আমরা জানি। এই টাকায় সবটা সম্ভব না। জেলাশাসকদের বলব যাঁরা এই প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় বালি কিনবে তার দাম ১২০০ টাকার বেশি যেন না হয়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লিতে আমি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়ে এসেছি, বাংলার মাটিতে যারা ‘আনস্কিলড জব’-এর সঙ্গে যুক্ত, তাঁদের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করা হোক।’
পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানান, আবাসের উপভোক্তারা ‘বিকশিত ভারত জি রামজি’ প্রকল্পে ৯০ থেকে ৯৫ দিনের কাজের মজুরি বাবদ আরও প্রায় ৩০ হাজার টাকা এবং শৌচালয় নির্মাণের জন্য ১২ হাজার টাকা পাবেন। অর্থাৎ ঘর তৈরির জন্য সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা মিলবে। এ ছাড়া ইট-বালির দাম নিয়ন্ত্রণে রাখতে জেলাশাসকদের নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের নতুন কর্মসংস্থান প্রকল্পে খুব শীঘ্রই ২২ কোটির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে প্রতিদিন ১০ লক্ষ করে কর্মদিবস তৈরি হয়েছে। গত সপ্তাহ খানেকের মধ্যে ১ কোটি ৬০ লক্ষ হয়ে গিয়েছে। এই পরিসংখ্যান তুলে ‘বিরাট সাফল্য’ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
অযোগ্যদের আবাসের টাকা চলতি মাসেই ফিরিয়ে দিতে হবে : মুখ্যমন্ত্রী
