পুরনো সরকার থাকলে একটাও স্থায়ী নিয়োগ হত না : মুখ্যমন্ত্রী

নতুন সরকার আসার পর এই প্রথম নিজের জেলা থেকে স্থায়ী চাকরীর নিয়োগপত্র হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মেদিনীপুরে চাকরী মেলা থেকেই যুবকদের হাতে স্থায়ী চাকরীর চাবি দিলেন শুভেন্দু।

সোমবার মেদিনীপুরে আয়োজিত চাকরি মেলার মঞ্চ থেকে ৬০০ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এদিন সরকারি অনুষ্ঠানের পাশাপাশি একাধিক পুজো উদ্বোধনের কর্মসূচিও করলেন মুখ্যমন্ত্রী৷ শহরের প্রতিটি পুজোর জন্য ১৫ থেকে ২০ মিনিট ধার্য করা ছিল মুখ্যমন্ত্রীর জন্য। তবে শহরে যাতে যানজট না হয় তার জন্য তৎপর ছিল প্রশাসন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জোর তৎপরতা ছিল বিজেপি নেতৃত্ব ও বিধায়কদের মধ্যে। মূলত, বিধানসভা ভোটে রাজ্যে পালা বদলের পর জেলায় এই ধরনের বড় কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রয়েছে জগদ্ধাত্রী পুজোর একাধিক উদ্বোধনও। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে করে আসেন দুপুরে৷ তিনি মেদিনীপুর শহরের বিডিও অফিস সংলগ্ন জামবাগানের হেলিপ্যাডে হেলিকপ্টারে নামেন। এরপর গাড়িতে করে সিপাই বাজার সংলগ্ন বিজেপির জেলা কার্যালয়ে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে নিয়োগ নিয়ে একগুচ্ছ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ জেলা পুলিশ লাইনে একটি ভবনেরও উদ্বোধন করেন৷ এরপরে সেখানেও পুলিশ কর্মীদের যোগদানপত্র তুলে দেন। তাঁর দাবি, রাজ্যে পূর্ববর্তী সরকার ক্ষমতায় বহাল থাকলে কোনওভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হত না।
তাঁর বক্তব্য, বর্তমান প্রশাসন নিয়োগের ক্ষেত্রে সমস্ত রকম দুর্নীতি এবং প্রশাসনিক ত্রুটির বাধা সফলভাবে অতিক্রম করেছে এবং ভবিষ্যতে চাকরির প্রক্রিয়ায় কোনও ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক নিয়োগ বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দুর মন্তব্য, পূর্ববর্তী সরকার পুনরায় নির্বাচিত হলে রাজ্যে একটিও নিয়োগপত্র দেওয়া সম্ভব হত না। এর নেপথ্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান যে, আগের সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে এক চরম আইনি জটিলতা তৈরি করেছিল। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সকল মানুষকে ওবিসি তালিকাভুক্ত করার যে প্রচেষ্টা বিগত সরকার চালিয়েছিল, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সিদ্ধান্তকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল বলে ঘোষণা করে।
এদিন চাকরি মেলার মঞ্চ থেকে শুভেন্দু বলেন, ‘বেকার যুবকদের স্বনির্ভর করতে চাই আমরা৷ নিয়োগ দুর্নীতিমুক্ত করতে চাই৷ বাংলায় নতুন শিল্পনীতি আসতে চলেছে৷ এই সরকার না আসলে নতুন নিয়োগ হতে পারত না৷ মেদিনীপুরের চাকরি মেলায় ৬০০ জনকে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী।’
তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যের সমস্ত স্তরে নিয়োগ বন্ধ ছিল, টাটা গোষ্ঠীকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার ফলে শিল্পমহলে অত্যন্ত নেতিবাচক বার্তা গিয়েছিল। ২০১৫ সালে শেষবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এবং ২০১৭ সালে শেষবার পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, ফলে কার্যত বিগত দশ বছর রাজ্যে কোনও স্থায়ী নিয়োগ হয়নি। তিনি আরও জানান, আগামী দুই বছর চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হবে, যা আগামী বছর থেকেই কার্যকর হবে। ২০২৭ সালের নিয়োগ নীতিতে চাকরিপ্রার্থীরা আবেদনের ক্ষেত্রে এই পাঁচ বছরের অতিরিক্ত ছাড় পাবেন, কারণ বিগত দশ বছর রাজ্যে কোনও নিয়োগ হয়নি এবং ২০১৫ সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির কারণে ২৬ হাজার মানুষের চাকরি বাতিল হয়েছে। তাঁর আরও বলেন, এই পরিস্থিতি থেকে রাজ্যকে রক্ষা করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *