হরিয়ানার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চাই: অসীম ঘোষ

‘মোদিজি এবং অমিত শাহজি যে দায়িত্ব দিয়েছেন সেই গুরুদায়িত্ব ভালোভাবে পালন করতে চাই, বললেন হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলা বাঙালি অধ্যাপক শিক্ষাবিদ অসীম ঘোষ। হাওড়ার পঞ্চাননতলার বাসিন্দা অসীম ঘোষ হরিয়ানার রাজ্যপাল হিসেবে নতুন দায়িত্বভার নিতে চলেছেন। নতুন এই দায়িত্ব প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হরিয়ানার মানুষ খুব কষ্ট করতে পারেন। হার্ড ওয়ার্কিং। কৃষিতেও খুব উন্নত হয়েছে। সমস্যাও আছে। রাজ্যপাল হিসেবে আমি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেব। পঞ্জাব এবং হরিয়ানা টুইন ব্রাদার্স। তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে দেশের উন্নতির পাশাপাশি ওই এলাকাও সাংঘাতিকভাবে এগিয়ে যাবে। আমি ৩৫ বছর দল করেছি ‘ডেডিকেশন’ এবং ‘সিনসিয়ারিটি’র সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি ঈশ্বরের কৃপায় ভালোভাবেই পালন করব। হরিয়ানার মানুষের কাছে আমি যদি গ্রহণযোগ্য হই আমার কাজকর্মের মাধ্যমে এবং সাধারণ মানুষের সমস্যা বোঝার মাধ্যমে সে ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব। আমি বাঙালি। আমি বহু নেতার নেতৃত্বে কাজ করেছি। সুতরাং অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। হরিয়ানার মানুষের সমস্যা বোঝার চেষ্টা করব। আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রেস রিলিজ হয়েছে দিল্লিতে। অফিসিয়ালি চিঠি হাতে পাইনি। আমার বায়োডাটা নরেন্দ্র মোদিজি, অমিত শাহজি দেখেছেন। তাঁরা রাষ্ট্রপতিকে রেকমেন্ড করেছেন। সেই হিসেবেই দায়িত্ব এসেছে। এটা খুবই গুরুদায়িত্ব। ঈশ্বর আমাকে সেই শক্তি দিন। যাতে আমি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি।’ এদিকে, মঙ্গলবার বিকেলে হাওড়ায় অসীম ঘোষের বাড়িতে এসে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুরুলিয়ার সাংসদ ও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো। সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়া সদর বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *