বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক: সিপিএমের

শনিবার ও রবিবার পরপর দু’দিন নদিয়ার কল্যাণীতে সিপিএমের বর্ধিত অধিবেশন হল। কল্যাণীর রেল ময়দানে আয়োজিত জনসভা থেকে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান দলের শীর্ষ নেতৃত্বের।
এদিনের জনসভায় কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি। তাঁর অভিযোগ, ‘বিজেপি সরকারের নীতির ফলে কৃষক, শ্রমিক, হকার, ছোট ব্যবসায়ী এবং শিক্ষিত বেকার যুবকরা সমস্যায় পড়ছেন। অন্যদিকে, দেশের কয়েকজন শিল্পপতি ও ধনকুবেরকে বিপুল সুবিধা দেওয়া হচ্ছে।’ বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের সমালোচনা করে বেবি বলেন, ‘এই ডবল ইঞ্জিন কার্যত ‘বুলডোজার’-এ পরিণত হয়েছে।’ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের ছোট ব্যবসায়ী, দোকানদার ও হকারদের উপর যেমন উচ্ছেদের চাপ তৈরি হচ্ছে, তেমনই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও গরিব মানুষের উপর একই ধরনের আক্রমণ চলছে।
শিল্পপতিদের ঋণ সংক্রান্ত প্রসঙ্গ তুলে বেবি দাবি করেন, বড় শিল্পপতিদের জন্য সরকারের নীতি অত্যন্ত সুবিধাজনক। বেকারত্ব নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। তাঁর দাবি, ১৮ থেকে ২৯ বছর বয়সি শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার অত্যন্ত বেশি। সরকারি স্কুলগুলিতে বিপুল সংখ্যক শিক্ষক পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়াকে তিনি সরকারের ‘নিষ্ঠুর নীতি’ বলে আখ্যা দেন।
এদিন মহম্মদ সেলিমের বক্তব্যেও উঠে আসে অধিকার ও সাম্প্রদায়িকতার প্রশ্ন। তিনি বলেন, ‘সর্বজনীন ভোটাধিকার, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য, রেশন এবং শিশুদের খাদ্যের অধিকার—এসবই বামপন্থী রাজনীতির মূল ভিত্তি। দক্ষিণপন্থী রাজনীতি এই অধিকারগুলিকে সীমিত করে সমাজে বৈষম্য বাড়াতে চায়।’
ধর্ম ও জাতপাতের ভিত্তিতে বিভাজনের রাজনীতিরও সমালোচনা করেন সেলিম। কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলার ঐতিহ্য মিশ্র সংস্কৃতি ও সম্প্রীতির। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সেই ঐতিহ্য ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।’ বাংলা ভাষার তথাকথিত ‘শুদ্ধিকরণ’ নিয়েও দক্ষিণপন্থী রাজনীতিকে নিশানা করেন সেলিম। তাঁর বক্তব্য, ‘বাংলা ভাষা বহু ভাষা ও সংস্কৃতির সংমিশ্রণে সমৃদ্ধ হয়েছে। ভাষা থেকে আরবি, ফার্সি, তুর্কি বা ইংরেজি শব্দ বাদ দেওয়ার চেষ্টা বাংলার ঐতিহ্যকেই অস্বীকার করার সামিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *