সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় প্রশাসনিক সভা থেকে সেখানকার ভোটারদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের ‘ঘরের ছেলে’ শুভেন্দু অধিকারী। শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস থেকে অন্নপূর্ণা। সবক্ষেত্রেই ঢালাও পরিকল্পনা এবং বাস্তবায়নের রূপরেখা তুলে ধরলেন তিনি। বললেন, ‘ভোট দেননি তো কী, আমি সবার মুখ্যমন্ত্রী।’
এদিন নন্দীগ্রাম বিধানসভা এলাকায় দাঁড়িয়ে স্বাস্থ্য, পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী৷ নিজের বক্তব্যে মহম্মদপুর, শামসাবাদ, কেন্দামারির মতো সংখ্যালঘু গ্রামগুলির প্রসঙ্গ টেনে আনেন তিনি৷ তাঁর কথায়, ‘কেন্দামারি, মহম্মদপুর, শামসাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলি থেকে একটা ভোটও আমাকে দেননি৷ আজকে বাড়িতে টাকা নিয়ে যান আনন্দ করতে করতে৷ আর আয়ুষ্মান ভারতের কার্ডটাও নিয়ে যাবেন।’
তাঁর কথায়, ২০২১ সালে আমার কাছে হারের পর হিংসায় নন্দীগ্রামের যাবতীয় উন্নয়ন বন্ধ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মাত্র ছয় একর জমির প্রয়োজন ছিল। কিন্তু তৃণমূল সরকার সেটুকুও রেলকে দেয়নি। তিনি মুখ্যমন্ত্রী হয়ে সাড়ে তিন একর জমি রেলকে হস্তান্তর করেছেন। বাকিটাও আগামী মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘নন্দীগ্রাম-বটতলা রেলস্টেশনে উঠব আর বাজকুলে গিয়ে নামব। প্রথম ট্রেনে আমিই চড়ব আপনাদের নিয়ে। কারও কোনও অভাব অভিযোগ থাকবে না।’
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আগের সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লক মিলিয়ে প্রায় ৩০হাজার পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে কাজ করেন৷ তাঁদের অনেকেই আমাকে ভোট দেননি৷ আপনি এবার নাগপুর, সুরাত, হায়দরাবাদ, ভুবনেশ্বর, সিএমসি ভেলোর, মুম্বই টাটা ক্যান্সার হসপিটাল, বেঙ্গালুরুতে ডক্টর রেড্ডির হাসপাতাল, চণ্ডীপুরে পিজিআই, দিল্লি এইমস, ভুবনেশ্বর এইমস সব জায়গায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পাবেন আয়ুষ্মান কার্ডে।’ আগের সরকারের ‘ভুয়ো’ স্বাস্থ্যসাথী কার্ডের বদলে এবার রাজ্যে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় দেশজুড়ে ১৯০০ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে বলে জানান তিনি৷
তিনি জানান, ‘এই সাড়ে তিন মাস বা চার মাসে ৩২টি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার হয়েছে। বেশ কিছু রাস্তার উদ্বোধন বা নতুন রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে। ১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হওয়া গ্রামীণ এলাকা নন্দীগ্রামে পরিকাঠামোগত উন্নয়নে একটা নতুন দিগন্ত উন্মোচিত হল।’
তিনি আরও বলেন, ‘৬০ বেড বিশিষ্ট রেয়াপাড়া হেলথ সেন্টার। নন্দীগ্রাম জেলা হাসপাতালে নিউ মা মাতৃ বিল্ডিংয়ের কাজ শুরু হবে রোগীদের আত্মীয়দের জন্য। নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জনৌষধি কেন্দ্র চালু হবে। মা-আহার ক্যান্টিন চালু করা হল।’ নন্দীগ্রামে পুলিশ মর্গ তৈরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ৩০ হাজার টাকা এবং অগস্ট মাসে ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র তিন হাজার টাকা ঢুকেছে বলে দাবি করেন শুভেন্দু ৷ গ্রামীণ আবাস যোজনায় ১১ হাজার ৭০০টি নতুন বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও এদিন উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়।
‘ঘরের ছেলে’ নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে উন্নয়ণের বার্তা দিলেন শুভেন্দু
