দু’দিনের রাজ্য সফরে রবিবার বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন৷ দু’দিন ধরে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেন৷ সেই কর্মসূচিগুলির মধ্যে একটি সোমবার ছিল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই সেবা সংকল্প অভিযান কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের প্রশংসা করলেন তিনি৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণ করেন বিরোধীদের উদ্দেশ্যে৷
এদিন কৈখালিতে যুব সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতা করেন নীতীন নবীন।এদিন বিজেপির ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঠিক তথ্যের উপর ভরসা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, ভারতের হারানো সংস্কৃতি ফেরাতে যুব সমাজের উপরই ভরসা রাখেন তিনি। তাঁর আশঙ্কা, যুব প্রজন্ম মোবাইলে বুঁদ হয়ে রয়েছে। মোবাইলে সীমাবন্ধ না থেকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, স্পোর্টস, মিউজিকে নিজেদের অংশগ্রহণের পরামর্শ দেন নীতীন। ককরোচ জনতা পার্টির দ্বিতীয় দফার বিক্ষোভ কর্মসূচির আগে নীতীনের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।
তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গই এমন একটি রাজ্য যেখানে অনেক জিনিস এক সঙ্গে পাওয়া যায়। এখানকার মানুষের ডিএনএ-তে একসঙ্গে স্পোর্টস, সাহিত্য ও শিল্প আছে। নতুন শিক্ষা নীতির উপর ভরসা করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, স্কুলের অ্যাডিশনাল পেপার হিসেবে আর্ট, কালচার, স্পোর্টস অন্তর্ভুক্ত করা হোক। স্কুল এডুকেশনে সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্তি করা হলে মার্কসও পাওয়া যাবে। স্কুল জীবন থেকেই এইসবের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়বে।’
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত ছিলেন৷ এছাড়াও রাজ্য সরকারের একাধিক মন্ত্রী ও বিজেপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে নিতিন নবীন অঙ্গনওয়াড়ি কর্মী ও তাঁদের শিশুদের হাতে পুজোর বেশ কিছু উপহার তুলে দেন। এই প্রসঙ্গে মঞ্চ থেকে বিজেপি সভাপতি বলেন, ‘এই রাজ্যে আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না ৷ কিন্তু রাজ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি তাঁর সীমিত ক্ষমতা ও সামর্থ্য দিয়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ভালো কাজ করে তাঁদের পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছেন । মা-বোনেদের গুরুত্ব অনেক বেশি প্রতিটি মানুষের জীবনে ৷ তাই বিজেপি সরকার তাঁদের অনেক বেশি গুরুত্ব দেয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের মহিলারা অনেক বেশি কাজ করে এগিয়ে যেতে পারছেন ।’ তিনি আরও বলেন, ‘আগের সরকারগুলি তেমন কোনও কাজ মহিলাদের জন্য করেনি, যেটা দেশের বিজেপি সরকার করে দেখিয়েছে । যার মধ্যে মহিলাদের জন্য দেশের সবক্ষেত্রে রাজনীতিতে অগ্রাধিকার দেওয়ার জন্য মহিলা সংরক্ষণ বিল এনেছে । মহিলাদের সুরক্ষার ওপর যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, তেমনভাবেই দেশের মহিলাদের পড়াশোনা শেখানোর মধ্যে দিয়ে অনেক এগিয়ে দেওয়া হচ্ছে, যাতে দেশের মহিলারা তাদের প্রাপ্য সম্মান পান ৷’ রাজ্যের মহিলা ও সমস্ত মানুষকে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য শুভেচ্ছা জানিয়েছেন নিতিন নবীন৷ তিনি বলেন, ‘আপনারা রাজ্যের যে পরিস্থিতি থেকে বাঁচতে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, আমরা সেই পরিস্থিতির উন্নতি সাধন করে আপনাদের স্বপ্ন পূরণ করব । আগের সরকারের সময় রাজ্যে ভয়ের বাতাবরণ ছিল৷ মহিলাদের সুরক্ষা বলে কিছুই ছিল না । পশ্চিমবঙ্গ নিজেই একটা সমৃদ্ধ রাজ্য৷ কিন্তু আগের সরকার দূরদর্শিতার অভাব থাকায় কিছুই করতে পারেনি৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের মহিলাদের সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়ন করবে, যাতে দেশে পশ্চিমবঙ্গ এক নম্বর রাজ্যে পরিণত হয়।’
