সোমবার মধ্যমগ্রামে মহিলা পরিচালিত সমবায় সমিতির অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমবায়কে চাঙ্গা করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিগত ১৫ বছরে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘বোঝালেও বুঝতেন না। কেউ কিছু বলতে গেলেই বলতেন আমি তো সব জানি। আর আমি বলি আমি কিছু জানি, অনেক কিছুই শিখছি।’
বিগত সরকারকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, ‘আগে সবাই তো ল্যাম্পপোস্ট ছিল, একটাই পোস্ট! বোঝালেও বুঝত না। কেউ কিছু বলতে গেলেই বলত, ‘আমি তো সব জানি।’ বিগত দিনে রাজ্যে সমবায় আন্দোলন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ৬ হাজারের বেশি সমিতির মধ্যে প্রায় ২ হাজারই অকেজো। ইঞ্জিনিয়ার্স কো-অপারেটিভের ২৫ শতাংশ কাজের কোটা বন্ধ করা হয়েছে। এমনকি স্টেট কো-অপারেটিভ ব্যাংকে ১২ বছর এবং ওয়েবস্কে ১০ বছর ধরে নির্বাচন হয়নি। প্রাথমিকেও বন্ধ নির্বাচন। সমবায়কে গুরুত্ব না দিয়ে বিকল্প অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, মিষ্টি দই তৈরির জন্য হাওড়ার সাঁকরাইলে ‘আমূল’ ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ১৫ একর করে জমি দেওয়া হলে আমূল সেখানে আইসক্রিম ফ্যাক্টরি করবে, যা ১০ থেকে ২০ হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে।
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর উপদেশ, ‘অতিথি এলে ৩টে জিনিস দিয়ে বরণ করার দরকার নেই। কোনও একটা জিনিস দিয়ে বরণ করবেন। হয় একটা ফুলের স্টিক, নয় একটি উত্তরীয়, নয় মাতৃমূর্তি। এতগুলো উপহার দেওয়ার দরকার নেই। ম্যানেজমেন্ট কস্ট তো আপনার পকেট দিয়েই যাচ্ছে।’ পাশাপাশি, আগামী ১৪ থেকে ২০ নভেম্বর সমবায় সপ্তাহে আন্দোলনের গুরুত্ব প্রচারের বার্তা দেন এবং মনে করিয়ে দেন যে বর্তমান কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নিজেও এক সময় আমদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্রের মতো বাংলাতেও সমবায় বিপ্লব ঘটানোর আহ্বান জানালেন তিনি।
সমবায় বিপ্লব ঘটানোর আহ্বান মুখ্যমন্ত্রীর
